
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহন খাতে সহযোগিতা আরও বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো ও যোগাযোগ খাতের উন্নয়নে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সমর্থন দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্ত্রী আরও বলেন, মেট্রোরেলসহ আধুনিক, নিরাপদ, টেকসই ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা এবং কারিগরি সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়ন ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে। একটি সমন্বিত, নিরাপদ, জনবান্ধব ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে জাপানের মতো উন্নয়ন সহযোগীর সহায়তা বড় ভূমিকা রাখবে।
সাক্ষাৎ শেষে মন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং অবকাঠামো, যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হবে।